ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল গ্রীস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:৫৫ এএম
ছবি : সংগৃহীত

গ্রীসের ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

শনিবার (২০ জুন) এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ক্রিট দ্বীপের রেথিমনো শহর থেকে প্রায় ৬৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীস অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। আফ্রিকান ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স