বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুস সালাম। গতকাল শনিবার তাকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এদিকে প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ১৫ সদস্যের সমন্বয়ে এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে। এডহক ম্যানেজিং বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক ডা. মো. রফিকুল কবির ও কোষাধ্যক্ষ পদে ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম রানাকে নিয়োগ দেওয়া হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়াকে রাখা হয়েছে। এ ছাড়া ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জামিল আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম ও এস এম মাহিদুল ইসলাম সজীবকে কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির এডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

