গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক অভিযান চালিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেনব জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। একই সঙ্গে নামজারি সংক্রান্ত নথি দীর্ঘদিন আটকে রেখে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই মাওনা ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন জেলা প্রশাসক। তার আকস্মিক আগমনের খবর ছড়িয়ে পড়তেই অফিস চত্বরে অবস্থানরত দালাল চক্রের সদস্যরা দ্রুত সেখান থেকে সরে পড়ে। ফলে মুহূর্তেই ভূমি অফিসের পরিবেশ প্রায় ফাঁকা হয়ে যায়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান উন্নয়ন, দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় দীর্ঘদিন ধরে নামজারি সংক্রান্ত নথি অকারণে আটকে রেখে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় মাওনা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ওহাব ও আলেয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়মের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। জেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালিত হলে সরকারি সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।


