মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে ‘ফ্রেশার্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়। গত ১৪ জুন রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।
মঙ্গলবার (১৬ জুন) আইএসপিআর এ তথ্য জানিয়েছে। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি এর ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী এমআইএসটি-তে ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য।
আইএসপিআর জানিয়েছে, অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটি-এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ছাড়াও এমআইএসটি-এর বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানগণ, ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

