বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থাটির প্রথম নারী চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মীর নাদিয়া নিভিনের।
২০১৯ সালে এশিয়ার নবীন নেতাদের ওপর করা যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির ‘এশিয়া ২১ ইয়াং লিডারস’ তালিকায় মীর নাদিয়া নিভিন ছিলেন। এশিয়ার ৩৯টি দেশের অনূর্ধ্ব–৪০ বছর বয়সী সফল ব্যক্তিদের নিয়ে এ তালিকা ২০০৬ সাল থেকে করে আসছে এশিয়া সোসাইটি। জাতিসংঘে যোগদানের আগে মীর নাদিয়া নিভিন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কিছুদিন সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন তিনি।


