নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এ পরিচিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ থানার চলমান কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভার শেষে পুলিশ সুপার সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা ও প্রজ্ঞার সঙ্গে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।


