ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা, নিহত ১১

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:১২ এএম

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার এক দিনের মধ্যেই দক্ষিণ লেবাননে আবারও রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান, চালকবিহীন উড়োজাহাজ এবং কামানের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলাগুলো মূলত নাবাতিহ শহরসংলগ্ন এলাকায় চালানো হয়। ইসরায়েলের দাবি, তাদের বাহিনীর ওপর হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সর্বশেষ হামলা নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

লেবাননে চলমান এই সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলে ইরানকে ঘিরে চলমান শান্তি প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে অঞ্চলের সব সংঘাত বন্ধ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে হামলা চলতে থাকলে তারাও পাল্টা প্রতিরোধ অব্যাহত রাখবে। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিনের সংঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন মানবিক সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। ঘরবাড়ি হারানো এসব মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে মধ্যপ্রাচ্যের এই সংকট আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।