ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

১৫ জেলায় বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:৫৬ এএম
ছবি : সংগৃহীত

দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।