ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। এখন সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
২০২১ সালের ৯ জুন রাতে সাভার থানার অধীন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ১৪ জুন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী পরীমনি। মামলাটির তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন।
পরবর্তীতে পরীমনির সঙ্গে সাকলায়েনের সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে তদন্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে, সম্পর্কের অভিযোগ নিয়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যে সে সময় এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, বিষয়টি তিনি নিশ্চিত নন।
তার দাবি, এটি ব্যক্তিগত আক্রোশের ফল হতে পারে।
তিনি বলেন, এটা প্রেম-ভালোবাসার সম্পর্কের কারণে হয়েছে—আমি তা বিশ্বাস করি না। সাধারণত কেউ সফল হলে তাকে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়। সাকলায়েন একজন দক্ষ ও সফল কর্মকর্তা। তার বিরুদ্ধেও এমন কিছু হতে পারে।
তিনি আরও বলেন, সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাটি তার কাছে অস্বাভাবিক ও অন্যায্য মনে হয়েছে। সাকলায়েনের জন্য খারাপ লাগছে।

