সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তথ্য-যাচাইয়ে সক্ষমতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দুই দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ’ আয়োজন করেছে।
শনিবার ও কাল রোববার পিআইবির সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
প্রশিক্ষণসূচি অনুযায়ী, ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)–ভুক্ত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও ডিজিটাল নিউজ পোর্টালের কর্মরত রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোকচিত্র সাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই (ফ্যাক্টচেকিং), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ডিজিটাল প্রকাশনা কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ও নৈতিক ব্যবহারের মাধ্যমে আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন সংবাদ পরিবেশনের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুই দিনের কর্মসূচিতে এআই-ভিত্তিক সাংবাদিকতা, কার্যকর প্রম্পট তৈরি, সংবাদ ও কনটেন্ট তৈরিতে এআই-এর ব্যবহার, ফ্যাক্টচেকিংয়ের মৌলিক ধারণা, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), ছবি ও ভিডিও যাচাই, জিওলোকেশন, ডিজিটাল আর্কাইভ, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য ব্যবহারিক আলোচনা ও প্রশ্নোত্তরের সুযোগ থাকছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের তথ্য-যাচাই পদ্ধতি ও বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি বিকৃত ছবি ও ভিডিও শনাক্তকরণ, সংবাদ যাচাইয়ের কার্যকর কর্মপ্রবাহ তৈরি, গবেষণা, অনুবাদ, ট্রান্সক্রিপশন এবং সম্পাদকীয় কাজে এআই ব্যবহারের বাস্তব ধারণা লাভ করে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন ও পাঠকের সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

