ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ: ডাকাত সর্দারসহ আটক ২, নিহত ১

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি : সংগৃহীত

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক এবং একজনকে নিহত করার দাবি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৭ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল ৫টা থেকে টানা দুই দিন খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ানের সদস্যরা।

অভিযান চলাকালে দস্যুদের বহনকারী দুটি নৌযানকে থামার সংকেত দেওয়া হলে তারা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করা হয়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ডাকাতদের একটি নৌযানে আগুন লাগে এবং অপরটি ডুবে যায় বলে জানানো হয়।

বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম ও শওকত সরদারকে উদ্ধার করে আটক করা হয়। পরে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকে। এর অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ি এলাকায় স্থানীয়দের সহায়তায় পরিচালিত অভিযানে ইসরাফিল হাওলাদার নামে আরও এক ডাকাতকে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ছয়টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক রবিউল ইসলাম (৫০) ও নিহত শওকত সরদার (৫৫) খুলনার কয়রা উপজেলার এবং আটক ইসরাফিল হাওলাদার (২৬) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহত শওকত সরদারের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।