ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীর হাতে যুবলীগ কর্মী খুন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীর গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের নুর আহাম্মদ মাস্টারবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, দোকানসংক্রান্ত বিরোধের জেরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী—মামুনুর রশিদ মামুন ও শাহাদাত হোসেন পারভেজকে কুপিয়ে হত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলায় পারভেজ ও অভিযুক্ত মামুন দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পাওয়ার পর স্থানীয় একটি দোকানকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে বাড়ির সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে পারভেজ হাতে থাকা একটি লাইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি সর্বশেষ ছেলেকে দেখেছিলেন। শনিবার সকালে বাড়ির সামনে ছেলের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি দোকানসংক্রান্ত বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, নিহত পারভেজ এবং অভিযুক্ত মামুন ও শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা কিছুদিন আগেও একই সঙ্গে কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।