শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আজাহার আলী খানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা মো. আব্দুল্লাহ (৫৬) বাদী হয়ে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আজাহার আলী খান (৫২) সাপমারী (কেরানীবাড়ি) এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্ত আজাহার আলী কিশোরটিকে ফুসলিয়ে একটি নির্জন সেচ পাম্প ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর কিশোরটি ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের ব্যবহৃত একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ভেঙে ফেলে। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন।
ভুক্তভোগী কিশোরের বড় ভাই অভিযোগ করে বলেন, আজাহার ডাক্তার আমার বুদ্ধিপ্রতিবন্ধী ভাইকে সেচ পাম্প ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আজাহার আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্তের বড় ভাই, স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক লেবু মিয়া বলেন, ঘটনাটি প্রায় দুই মাস আগের। আমার ভাইয়ের দোকান থেকে একটি বাটন মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। এখন এ বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

