ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ইয়াবাসহ আটক ১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৩০ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও চারজনকে আসামি করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপির টহলদল গত শুক্রবার (২৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোসেন আলীর ছেলে মো. মিজানুর রহমানকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় হোসেন আলী, তার অপর ছেলে তারেক হোসেন, রামু উপজেলার পূর্বগোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিবার ছেলে মনজুর খলিবা পলাতক রয়েছেন।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।