ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সি ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। একই সঙ্গে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার এবং ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি. এম. মেহেদী হাসান সানি উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার মোট ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সি প্রতিটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেসব শিশুর বয়স ৬ থেকে ৫৯ মাস, তাদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুদের সুস্থতা বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে এ কর্মসূচিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

