ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:৩৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

আইএসপিআর জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাক্ষাতে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান এবং আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তাকে সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা এবং সুনীল অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে নৌবাহিনীর ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে নৌবাহিনীকে একটি আধুনিক, ত্রিমাত্রিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে আরও সুদৃঢ়ভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দক্ষতা, বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরও আধুনিক, সক্ষম ও প্রযুক্তিসমৃদ্ধ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

নৌবাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে নিজস্ব সক্ষমতায় দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযান নির্মাণ ও মেরামতের কার্যক্রম ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে ‘সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে’র মাধ্যমে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং প্রতিরক্ষাশিল্পে স্বনির্ভরতা অর্জনে এগিয়ে যাচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি এবং সর্বস্তরের নৌসদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, দক্ষ ও  প্রযুক্তিনির্ভর উদ্যমী নৌবাহিনী গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নৌবাহিনীর প্রধান।