বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। বলিউডের পাশাপাশি তিনি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমাতে। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।
প্রথমবারের মতো এই অভিনেত্রী কাজ করলেন ঢালিউডে। আসন্ন ঈদের মুক্তিপ্রতীক্ষিত ‘রাক্ষস’সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া জানোসজেককে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে ছবিটি ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আসলেই কী তাই? কী বলছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের সিনেমার আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এ প্রথম কোনো বাংলা সিনেমাতে অভিনয় করলেন।’
প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা।
তিনি বলেন, ‘আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি, দর্শকরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস এবারের ঈদের সেরা সিনেমা হবে রাক্ষস।’
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
উল্লেখ্য, রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন