ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

‘নজর যেন না লাগে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৫৫ এএম

দেশের অডিও ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও জনপ্রিয় জুটি কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। দীর্ঘ এক দশক পর ফের এক সঙ্গে দ্বৈত গানে জুটি বেঁধে দর্শক-শ্রোতাদের দারুণ চমক দিয়েছেন তারা। সম্প্রতি নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাদের নতুন রোমান্টিক গানচিত্র ‘নজর যেন না লাগে’।

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এতে মিলনের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন মিরাজ। এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।

২০০৮ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা সুমিষ্ট কণ্ঠের বাঁধন সরকার পূজা এবং মেলোডি গানের জনপ্রিয় শিল্পী মোহাম্মদ মিলনÑ দুজনে এর আগেও বেশ কিছু শ্রোতাপ্রিয় দ্বৈত গান উপহার দিয়েছেন। তাদের গাওয়া গানগুলো শ্রোতামহলে বরাবরই দারুণ প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন এই গানচিত্রটি নিয়ে দুই শিল্পীই বেশ উচ্ছ্বসিত।

নতুন গান প্রসঙ্গে মিলন বলেন, ‘শ্রোতারা এখন রোমান্টিক গান একটু বেশি পছন্দ করছেন। ‘নজর যেন না লাগে’ গানটির কথা ও সুরে যেমন প্রেম-রোমান্স আছে, তেমনি এর মিউজিক ভিডিওর দৃশ্য ধারণেও দর্শক-শ্রোতারা সম্পূর্ণ নতুনত্ব খুঁজে পাবেন। এ ছাড়া আমার এবং পূজার বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি, এই গানটিও সবার ভালো লাগবে।’

গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীতপরিচালক রোহান রাজ বলেন, ‘মিলন ও পূজা দুজনেই আমার খুব পছন্দের শিল্পী। তাদের কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তাই এই গানটি করার সময় তাদের দুজনের শ্রোতাদের কথা ভাবনায় ছিল। শ্রোতারা এ সময়ে যে রকম গান শুনতে ও দেখতে পছন্দ করেন এটি তেমনই বলতে পারি।’

সংগীত ক্যারিয়ারে বাঁধন সরকার পূজার দ্বৈত গানগুলোর সাফল্য ঈর্ষণীয়। নাটক বা সিনেমার প্লেব্যাক ছাড়াই কেবল অডিও-ভিডিও আকারে প্রকাশিত তার ১০টিরও বেশি মৌলিক গান কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে। তাহসান খান, ইমরান মাহমুদুল, আরিফিন রুমী, কাজী শুভর পাশাপাশি মিলনের সঙ্গে পূজার গানগুলোও শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

মিলন ও পূজার কণ্ঠে জনপ্রিয় কয়েকটি গান হচ্ছেÑ ‘চুপিচুপি’, ‘তুমি ছাড়া’, ‘তোমায় ছেড়ে’ ও ‘কি করে বোঝাই’ প্রভৃতি।