সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার জাবাখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিবারের নারীসহ মোট ৯ জনকে আটক করেছে।
নিহত ব্যক্তি হলেন গোলাম হোসেন (৬০)। তিনি শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে এবং পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সামনে চলাচলের পথ দখলকে কেন্দ্র করে গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশী রেজাউল মোড়ল, সাইফুল মোড়লসহ কয়েকজনের বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং মামলায় বিবাদীদের বিরুদ্ধে সমন জারি হলে ক্ষোভ আরও বেড়ে যায়।
নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে গোলাম হোসেন বাড়ির সামনে কাজ করছিলেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পূর্ববিরোধজনিত হত্যাকা- বলে জানা গেছে। ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেনÑ সেলিম মোড়ল (৫০), সাইফুল মোড়ল (৩৫), ফারুক মোড়ল (৩২), রেজাউল মোড়ল (৪০) ও তাদের পরিবারের নারী সদস্যরা। ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি জব্দ করা হয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘরবাড়ি ও ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন