কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাতামুহুরী উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি ট্টিকা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।
আহতরা হলেন টইটং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার আমিনের ছেলে শাহাদাত (২৫), সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শহিদ (২৬), রিমন উল হোছাইন (১২) এবং নিহত হাসান আলীর স্ত্রী পাখি (৬০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রামগামী এস আলম সার্ভিসের একটি যাত্রীবাহী বাস টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে পৌঁছানোর আগেই আহত দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন