বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন শ্যালা নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন নদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে সুন্দরবনের নদী ও খাল এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে সেলিনা বেগম অপর দুই নারী জেলের সঙ্গে শ্যালা নদীতে খুঁচনি জাল টেনে চিংড়ির রেণুপোনা সংগ্রহ করছিলেন। এ সময় নদীর নিচ থেকে হঠাৎ একটি কুমির উঠে এসে তাকে আক্রমণ করে এবং গভীর পানির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে সাহসিকতার পরিচয় দিয়ে বৈঠা দিয়ে কুমিরটিকে আঘাত করলে সেটি সেলিনাকে ছেড়ে দিয়ে নদীর গভীরে চলে যায়। পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন এবং রাত ১১টার দিকে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়।
স্থানীয় জেলেদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদী ও খালে কুমিরের বিচরণ আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে জোয়ারের সময় নদীতীরবর্তী এলাকায় মাছ ও চিংড়ির রেণুপোনা সংগ্রহ করতে নামা জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকেন। জীবিকার তাগিদে শত শত জেলে সুন্দরবনঘেঁষা নদী ও খালে মাছ ধরতে গেলেও তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে তারা জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন