× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:২৮ এএম

চরম দুর্ভোগে শত শত যাত্রী

রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:২৮ এএম

রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম-তিস্তা রেলপথের রাজারহাট উপজেলার অদ্বিতাকানন ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ফলে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাগামী ও বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, তিস্তা অভিমুখে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলপথের পাশের নিরাপত্তা রেলিং ভেঙে সরাসরি লাইনের ওপর উঠে পড়ে। এতে রেললাইনটি মারাত্মকভাবে বেঁকে যায় এবং রেলপথের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার প্রভাব পড়ে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের ওপর, যা নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে ব্যর্থ হয়। সকালে স্টেশনে এসে ট্রেন চলাচল বন্ধের খবর পেয়ে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা দিশাহারা হয়ে পড়ে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয় এবং এর জন্য তাদের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ের প্রকৌশল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত ট্রাক অপসারণসহ রেললাইন সংস্কার কার্যক্রম জোরদার করে।

লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান জানান, দুপুর থেকে উদ্ধার ও সংস্কারকাজ শুরু হয়েছে এবং কাজ শেষ হওয়ার অন্তত তিন ঘণ্টা পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কণিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন অবরুদ্ধ করেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ হলে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর পরই কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবং দীর্ঘ সময় যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এখন দ্রুত সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক যাতায়াতব্যবস্থা ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী যাত্রীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!