নোয়াখালীর সুবর্ণচরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি চরক্লার্ক ইউনিয়নের নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার পথে একটি মাটিবাহী ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরজব্বর থানার ওসি মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেপরোয়া ভারী যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

