ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে নজরুল ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বাবা জানান, প্রায় পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে গত ১৮ জুলাই স্ত্রী শিরিন আক্তার ফোন করে তাকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর শ্বশুর শাহাজাহান আলী ও অন্য আসামিরা তাকে ঘরে আটকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বাড়িতে আনার পর অবস্থার অবনতি হলে ২২ জুলাই তাকে সদর হাসপাতালে এবং পরে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

