ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হঠাৎ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা হাজারো ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অধিকাংশ ইয়াবা গুঁড়ো হয়ে যাওয়ায় কালো পিচঢালা সড়কটি হলুদাভ রং ধারণ করে। সড়কজুড়ে ইয়াবা ছড়িয়ে থাকার এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভাঙা ইয়াবাগুলো উদ্ধার করে। গত শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে সীতাকু- পৌর সদরের নুনাছড়া বটতলা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকু- থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, মহাসড়কের মাঝখান থেকে দুই পাশজুড়ে ইয়াবার গুঁড়ো ও আস্ত বড়ি ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয়দের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি বা নজর এড়াতে কোনো মাদক পাচারকারী চক্র যাত্রীবাহী বাস বা চলন্ত গাড়ি থেকে ইয়াবাগুলো মহাসড়কে ফেলে দেয়। তাদের ধারণা অনুযায়ী, সড়কে পাঁচ হাজারেরও বেশি ইয়াবা বড়ি থাকতে পারে। পুলিশ জানায়, মহাসড়কে ছড়িয়ে থাকা অধিকাংশ ইয়াবা বড়ি দ্রুতগামী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২২০ গ্রাম ওজনের ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা আনুমানিক তিন হাজার ইয়াবা বড়ির সমপরিমাণ হতে পারে। কে বা কারা এবং ঠিক কোন উদ্দেশ্যে এসব ইয়াবা মহাসড়কে ফেলে গেছে, তা উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

