ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি বিকল যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন। এ সময় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেলকে পেছনের অপর যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল শনিবার সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ওই বাসটির পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও সঙ্গে সঙ্গে ব্রেক করতে বাধ্য হয়। কাভার্ডভ্যানটির ঠিক পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি লোকাল মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এই ধারাবাহিক সংঘর্ষে মোট চারটি পরিবহন ক্ষতিগ্রস্ত হয়।
নিহতরা হলেনÑ সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আবাস সাহা (১৯) ও একই জেলার শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে ও আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী সুজয় সাহা (১৭)। ধামরাই থানার এসআই তারেক বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বিকল বাস সড়কে দাঁড়িয়ে থাকায় প্রাইভেট কার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলগুলো একে একে হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে স্বাধীনতা পরিবহনের একটি দ্রুতগতির বাস এসে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

