ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খালের ভাঙনে হুমকিতে সুখছড়িকুল সড়ক, টেকসই সংস্কারের দাবি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৪ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন ধরে খালের তীর ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে সুখছড়িকুল সড়ক। বর্ষা মৌসুমে খালের পানির প্রবল স্রোতে সড়কের বিভিন্ন অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, খালের তীর ঘেঁষে নির্মিত সড়কের একাধিক স্থানে ব্যাপক ভাঙন ও কোথাও মাটি ধসে সড়কের পাশের অংশ বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে খালের কিনারায় বসতঘরও হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী বর্ষায় সড়কের আরও বড় অংশ খালের গর্ভে বিলীন হতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, অতীতেও কয়েক দফা অস্থায়ীভাবে সংস্কার করা হলেও বর্ষা এলেই একই স্থানে আবার ভাঙন শুরু হয়। ফলে সরকারি অর্থ ব্যয়ের পরও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাদের দাবি, শুধু মাটি ফেলে বা সাময়িক মেরামত নয়, খালের তীর সংরক্ষণে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সড়কটি টেকসই ও মজবুতভাবে পুনর্নিমাণ করতে হবে। এদিকে শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ভাঙনের প্রকৃতি পর্যবেক্ষণ ও করণীয় বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে খালের তীর সংরক্ষণ এবং সুখছড়িকুল সড়ককে টেকসইভাবে সংস্কার করা হলে ভাঙনের স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি সড়কসংলগ্ন বসতবাড়িও ভবিষ্যতে ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে।