ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বায়ার্নকে থামিয়ে ফের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৫০ এএম

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনা যেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জন্য সাফল্যের সমার্থক হয়ে উঠছে। গত বছর এই মাঠেই প্রথমবার ইউরোপ-সেরার মুকুট জিতেছিল তারা। আর এবার একই ভেন্যুতে বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখল লুইস এনরিকের শিষ্যরা।

সেমিফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। তবে প্রথম লেগের দাপুটে পারফরম্যান্সের সুবাদে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার শেষ লড়াইয়ে এবার তাদের মুখোমুখি হবে মিকেল আর্তেতার আর্সেনালের।

ম্যাচের শুরুতেই বায়ার্নকে স্তব্ধ করে দেয় পিএসজি। মাত্র তিন মিনিটের মাথায় খভিচা কাভারাতস্কেলিয়ার পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ওসমান দেম্বেলে। এই গোল দুই লেগ মিলিয়ে ব্যবধান ৬-৪ করে দেয়, যা বায়ার্নকে বেশ চাপে ফেলে দেয়। গোল হজমের পর ঘরের মাঠে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ বারবার পিএসজির রক্ষণে হানা দিলেও গোলের দেখা পাননি।

পুরো ম্যাচে পিএসজির আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন কাভারাতস্কেলিয়া। তার গতি আর ড্রিবলিংয়ে বায়ার্ন রক্ষণ বারবার খেই হারিয়ে ফেলে। অন্যদিকে বায়ার্ন কয়েকবার পেনাল্টির দাবি তুললেও রেফারি তাতে সাড়া দেননি। বিরতির পর বায়ার্ন প্রেসিং ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ম্যাচের একদম শেষ মুহূর্তে অর্থাৎ যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফনসো ডেভিসের সহায়তায় হ্যারি কেন গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। কিন্তু তাতে কাজ হয়নি, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে পিএসজি শিবির।