× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৪০ এএম

কাউন্টিতে অভিষেকেই হাসানের ৯ উইকেট

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৪০ এএম

কাউন্টিতে অভিষেকেই  হাসানের ৯ উইকেট

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকটা হাসান মাহমুদের জন্য স্মরণীয় হওয়ারই কথা ছিল। তবে তিনি যা করলেন, তা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। প্রথম ম্যাচেই বল হাতে বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়ে কেন্টকে এনে দিলেন দাপুটে জয়। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। গত রোববার ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে ৪২৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু হাসান মাহমুদের গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। শেষপর্যন্ত ২৮২ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস, আর ১৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কেন্ট।

দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে ৬৯ রানে ৬ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট।

এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন হাসান। এর আগে কোনো ফরম্যাটেই তিনি এক ইনিংসে ৬ উইকেট কিংবা একটি ম্যাচে ৯ উইকেট নিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট, প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ সব মিলিয়ে এটিই তার সেরা বোলিং প্রদর্শনী।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই হাসানের প্রথম পাঁচ উইকেটের বেশি শিকার। একই সঙ্গে শততম প্রথম শ্রেণির উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। এই ম্যাচ শেষে তার প্রথম শ্রেণির উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১০৪। জয়ের পর বাংলাদেশের এই পেসারের প্রশংসায় ভাসেন কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড। তিনি বলেন, ‘হাসান বিশ^মানের বোলিং করেছে। পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা ও গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়ে উঠেছে, হাসান তখন ফিরে এসে উইকেট নিয়েছে। (বল) সুইং করিয়েছে দুই দিকেই।’

এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে ছয় ম্যাচ খেলার কথা রয়েছে তার। আর সেই যাত্রার শুরুটা হলো একেবারে স্বপ্নের মতো।

 

রূপালী বাংলাদেশ

Link copied!