যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক মোয়াজ্জেম হোসেন বাবুল বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি। তিনি ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের বিতর্কিত নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে যৌথভাবে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।
পুলিশ সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেন শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। তিনি ‘জয়বাংলা বাবুল’ নামেও পরিচিত।
এ ছাড়া রাজধানীর পূর্বাচল উপশহরসংলগ্ন গ্রেটওয়াল ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড প্রকল্পসহ দেশের আবাসন খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি মজিবর রহমান আরও জানান, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

