ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কুমিল্লা-৪ আসনে হাসনাতের জন্য সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫৮ এএম
হাসনাত আব্দুল্লাহ ও জামায়াত প্রার্থী মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

আসন সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন  জামায়াতের প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বলেন, আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি।

নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার নির্বাচনী প্রচারণায় যে পরিশ্রম করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি সবাইকে দ্বীন বিজয়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে একই দিন বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণে ১০ দলীয় নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেন।

এই জোটের অন্যান্য শরিক দলগুলো হলো— জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।