আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সেনাবাহিনী শক্ত অবস্থানে রয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে টহল এবং মহড়া পরিচালনা করে। এই বিশেষ মহড়ার উদ্দেশ্য ছিল নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা।
সাধারণ জনগণের উদ্দেশ্যে ক্যাপ্টেন আবদুল হান্নান বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ভোটারকে ভয়ভীতি দেখানো বা বাধা দিলে সেনাবাহিনীর হটলাইন নম্বরে জানাতে অনুরোধ করছি।
মিঠাপুকুর ক্যাম্পে দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী জানান, টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং উপজেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন