কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওলা সিং রাখাইন (২৮) নামের এক যুবককে আটক করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তির বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ, কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক যুবক বারবাকিয়া রাখাইন পাড়া এলাকার ওচামং রাখাইনের ছেলে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাই মদ তৈরি, মজুত ও বিক্রি করা হচ্ছিল। এতে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছিল।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন