ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য রাজবাড়ীর উপজেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে জেলার পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে এসব ব্যালট পেপার পাঠানো হয়।
এ সময় ব্যালট পেপার বহনকারী গাড়ির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ও পুলিশের এসকর্ট দেখা গেছে। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন নির্বাচনি এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা জালাল উদ্দিন জানান, জেলার দুটি সংসদীয় আসনে ব্যালট ও পোস্টাল ব্যালটসহ মোট ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। এর আগে নির্বাচনের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন