ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জে একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ব্যালট ধানের শীষ প্রতীকের, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্কুলের শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট পেয়েছে।
পরে তারা তা প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করে। প্রধান শিক্ষক দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনকে অবহিত করেন।
ইউএনও ঘটনাস্থলে পৌঁছালে বাইরে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ইউএনওকে অবরুদ্ধ করা হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকা থেকে বিক্ষোভ চলছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা রূপালী বাংলাদেশকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দ্রুত বিষয়টি খোলাসা করা হবে।’
প্রসঙ্গত, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ভোটে কারচুপির অভিযোগ তুলে গত তিন দিন ধরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ করছেন।

