নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবার ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে তিন মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) তারা রূপগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে মুচলেখা নেওয়ার পর স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যের পক্ষ থেকে উপহার হিসেবে প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি দেওয়া হয়।
রূপগঞ্জ থানার ওসি সবুজেল হোসেন বলেন, রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে 'স্বপ্নের রূপগঞ্জ' গড়ে তুলতে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রূপগঞ্জ থানা পুলিশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার এবং বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার মাদক কারবার না করার অঙ্গীকার নিয়ে রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি—মিন্নত আলী ব্যাপারী, জাহাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে রূপগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন।
তারা ভবিষ্যতে আর মাদক কারবারে জড়াবেন না বলে অঙ্গীকার করে মুচলেখা দেন। এ সময় মাদক কারবার পরিহার করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য দিপু ভূইয়ার পক্ষ থেকে তাদের প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দেওয়া হয়।
পুলিশ জানায়, ভবিষ্যতে তারা আবার মাদক কারবারে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন