আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে ছুটির শুরুতেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে মহাসড়ক দুটির বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। বিশেষ করে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহন আটকে থাকতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। রাতভর বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
এর ওপর অতিরিক্ত গাড়ির চাপ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং উল্টো পথে অটোরিকশা চলাচলের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের গতি অত্যন্ত ধীর। স
ড়কের পাশে অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং করায় এই পয়েন্টগুলোতে যানজট তীব্র হচ্ছে। তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে বাড়ির পথে রওনা দিয়েছেন, যার ফলে মহাসড়কে মানুষের ঢল নেমেছে।
যাত্রীরা বলেন, সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস পেলেও ভাড়া চাচ্ছে দ্বিগুণ। বাধ্য হয়ে ট্রাক বা পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন