আগামী ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং একটি জনসভায় বক্তব্য রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।
জানা গেছে, সফরের বিভিন্ন কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। এ সময় প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য প্রদান করবেন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক-এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি পার্কের বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করবেন।
এরপর তিনি পেকুয়া উপজেলায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন-সংক্রান্ত ফলক উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি ‘সাঈদ ম্যানশনে’-মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জনসভা শেষে তিনি কক্সবাজার-এ রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া এলাকায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

