চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। নামাজ ও দিনের অন্যান্য কাজ শেষে আসরের পর অফিস কক্ষে গিয়ে তিনি দেখতে পান, সেখানে রাখা টাকাগুলো নেই। এরপর বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
পরে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত আরিফ (৩৬) নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। পরে হালিশহরের ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামে আরও একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৬০ হাজার টাকা।
সদরঘাট থানার (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পর দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই অভিযুক্তকে শনাক্ত ও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন