বর্তমান সরকারের উদ্দেশ্য ধনী-গরিব, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে দেশের সব নাগরিক যেন সরকারি সুবিধা পান—এ কথা বলেছেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২০ জুন) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যাদের বাড়ির টিন ঝড়ে নষ্ট হয়েছে এবং যারা কেনার সামর্থ্য নেই, সরকার তাদেরই সহায়তা দিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। এজন্য তিনি সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি বলেন, এতে দুই-চারজনের কিছু জমি বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে তাদের বাজারমূল্যের চেয়ে তিনগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হলেও এই উন্নয়ন কাজে লক্ষাধিক মানুষ উপকৃত হবে। তাই সবাইকে অসহযোগিতা না করে সহযোগিতার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাস্তা উন্নয়ন হলে ভবিষ্যতে রাস্তার পাশে থাকা জমির মূল্যও বৃদ্ধি পাবে।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য নগদ ক্ষতিপূরণ প্রদানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রায় ৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যাদের জমি বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে, তাদের সহযোগিতার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে মন্ত্রী দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করেন এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন