পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে।
হোটেলের রিজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ফাহিমা আক্তার এবং আরিফ হোসেন গত ২ ডিসেম্বর থেকে ভ্রমণের উদ্দেশ্যে ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সেখানে অবস্থানের পর বুধবার রাতেই ফাহিমা আক্তারের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও সঠিক মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ঘটনার সময় ফাহিমার সঙ্গী আরিফ হোসেন ঘটনাস্থল থেকে উধাও হয়েছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন