ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরবনে নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

প্রশাসনের আশ্বাসের পর সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকরা ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমানের আশ্বাসের ভিত্তিতে নৌযান মালিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে নৌযান মালিকেরা ডিজি শিপিং (নৌপরিবহন অধিদপ্তর) কর্তৃপক্ষের হয়রানীর প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।

প্রশাসনের আশ্বাস অনুযায়ী, ডিজি শিপিংয়ের কর্মকর্তারা পূর্বনোটিশ ছাড়া কোনো অভিযান বা হয়রানি চালাবেন না। এ কারণে নৌযান মালিকেরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করেন।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, গত রোববার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের ছাদের অবকাঠামো ভেঙে নিয়েছিলেন এবং আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেছেন।

এর প্রতিবাদে নৌযান মালিকেরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেন এবং প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয় প্রশাসনের আশ্বাস অনুযায়ী, ডিজি শিপিং পূর্বনোটিশ ছাড়া অভিযান বা হয়রানি চালাবে না। ফলে মঙ্গলবার রাত ৯টায় নৌযান মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।