বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত ব্যক্তি মোং পেং ম্রো। তিনি উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা। তাকে মঙ্গলবার রাতে মেনরত বাজার এলাকা থেকে আটক করা হয়। এই তথ্য আলীকদম সেনাবাহিনী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।
সেনাবাহিনী জানায়, মোং পেং ম্রো দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইউপিডিএফের নামে চাঁদা তুলছিল। চাঁদা তোলার সময় তাকে মারাইত্তা বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে তার প্রদত্ত তথ্য অনুসারে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো একটি অত্যাধুনিক পিস্তল এবং ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান কামাল জানান, আটককৃত সদস্যকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

