ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অধিনায়কের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাশের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ১০টি প্যাকেটে থাকা মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।