বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জীনতলা গ্রামের কয়েকশ বছরের পুরোনো জলাশয় (ফেয়ার খাল) রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ‘জলাভূমি ও ঐতিহ্যবাহী জ্ঞান, সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে স্থানীয় কয়েকশ জেলে, কৃষক ও নারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি মহিউদ্দিন এসমে, সাধারণ সম্পাদক এরফান আহমেদ সোয়েন, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের নিজাম উদ্দিন, পরিবেশকর্মী আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা ইদ্রিস কাজী, বাদল সরদার প্রমুখ।
বক্তারা বলেন, এই ফেয়ার খালটি কয়েকশ বছরের পুরোনো। এই খালের পানি থেকে একসময় রান্না, কৃষিকাজসহ নানা কাজ করা হতো। আজ তা ইতিহাস হয়ে গেছে। এই খালটি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। এ ছাড়া পাথরঘাটা পৌর শহরের সকল দিঘি, জলাভূমি উদ্ধারসহ পরিবেশ রক্ষার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, ধরিত্রীর ভারসাম্যের জন্য জলাভূমি রক্ষা এখন আমাদের প্রাণের দাবি হয়ে গেছে। এটা এখন মৌলিক দাবি হয়ে পড়ছে। গত কয়েক বছর ধরে পাথরঘাটা পৌর শহরের জলাভূমি রক্ষা নিয়ে আন্দোলন করে আসছি।
পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বলেন, পানি ছাড়া জীবন চলে না। পানি ছাড়া যেমন জীবন অচল, তেমনি জলাশয় ছাড়া পরিবেশ চলবে না। তাই আমরা জলাশয় উন্মুক্ত চাই।


