ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তার নেতৃত্বে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে ডিবির একটি দল ভোলা সদর থানার রতনপুর এলাকায় অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন ডিবির এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস। এ সময় রতনপুর এলাকার আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. তাইফুর রহমান বায়জিদ (২৯), মো. রুবায়েত হোসেন (২৭), ফারদিন এহছান রিফাত (২৯) ও সাইদুর রহমান (২৭)।
পরে আটক ব্যক্তিদের ডোপ টেস্ট করানো হলে তাদের সবার শরীরে ক্যানাবিনয়েডস (Cannabinoids) শনাক্ত হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২১ ধারায় মামলা করা হয়েছে।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


