ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জরুরি সেবা থেকে কল, চলন্ত লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে গুরুতর অসুস্থ এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে “আব এ জমজম-৩” নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। লঞ্চটি চাঁদপুরের ষাটনল লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং সে সংকটাপন্ন হয়ে পড়ে।

এ অবস্থায় শিশুটির বাবা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন গজারিয়া থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে থাকা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরে শিশুটিকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ট্রমা সেন্টার ও এও অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।