বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন চয়ন রাজভর (৪০) নামে এক শিক্ষক।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফুলবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত চয়ন রাজভর ফুলবাড়ী গ্রামের তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার–এর পরিচালক ছিলেন এবং শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চয়ন রাজভরের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায় উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে চয়ন রাজভরের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়ী এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

