বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে আব্দুর রাজ্জাক রানা (৪৮) নামে যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তালোড়া রেলকলোনী এলাকায় এ অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত রানা ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ তালোড়া রেলকলোনী এলাকায় হতে মাদক সেবনের অপরাধে আব্দুর রাজ্জাক রানাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টে আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজা প্রদানের পর আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

