ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

দুপচাঁচিয়ায় সম্রাট ও তার পরিবারকে হত্যাচেষ্টা : মূল আসামিসহ গ্রেপ্তার ২

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সম্রাট হোসেন পাপ্পু (৪২) ও তার পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলা ও হত্যাচেষ্টা মামলার মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (১ জুলাই) রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার কৃতরা হলেন— মামলার প্রধান আসামি আব্দুল করিম (৬০) এবং তার স্ত্রী মোসাম্মৎ মিথিলা আক্তার (৪০)।

থানা সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ভেলুরচক এলাকায় একটি ইটভাটার পাশে ভিকটিম সম্রাট হোসেন পাপ্পু ওরফে বাপ্পির নিজস্ব জমি রয়েছে। ওই জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আব্দুল করিমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সম্রাট ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সম্রাট এবং তার বাবা-মা গুরুতর জখম হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভিকটিম সম্রাটের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের পর ভিকটিম সম্রাটের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর দুপচাঁচিয়া থানার ওসির দিকনির্দেশনায় এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে জয়পুরহাটের তিলকপুর থেকে মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​ওসি আরও জানান, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।